সরকারি কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে মালয়েশিয়া গমণেচ্ছু কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট দেয়ার অভিযোগে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডের হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে সিলগালাসহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, গতকালের এ অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে দেখা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪ জন মালয়েশিয়া গমণেচ্ছু ব্যক্তির মেডিকেল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট দেয়া হয়েছে। এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না।
এছাড়া একই ভবনে হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
জনস্বার্থে এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে। পরে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।
ঘটনা সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেয়া হবে না।
মন্ত্রী আরো বলেন, যেসব প্রতিষ্ঠান ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। কর্মীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।










