প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিদের দেশ হিসেবে পরিচিত আর্জেন্টিনা। দেশটির বিখ্যাত ক্লাব রিভার প্লেট বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। ১২১ বছরের প্রাচীন ক্লাব রিভার প্লেট আর্জেন্টিনায় ৩৭ বারের লিগ চ্যাম্পিয়ন, চারবারের লাতিনসেরা ক্লাব।
গতকাল বাংলাদেশের ফুটবলের শীর্ষস্থানীয় চার ক্লাবের সঙ্গে বৈঠক করেন তারা। সেখানে ফুটবলের উন্নতিতে দ্বিপক্ষীয় উদ্যোগে একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।
রাজধানীর একটি হোটেলে গতকাল বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন রিভার প্লেটের প্রতিনিধিরা।
বৈঠকে একাডেমি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের কোনো ক্লাবের নিজস্ব একাডেমি নেই। অথচ পেশাদার ফুটবলে ক্লাবগুলোর জন্য একাডেমি থাকা অপরিহার্য। আর্জেন্টিনার ক্লাবটির প্রতিনিধিরা বাংলাদেশে একাডেমি প্রতিষ্ঠার দিকে আগ্রহী। এছাড়া কোচ, খেলোয়াড়দের ট্রেনিং এবং সফরের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।










