পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। যার নামে প্লট, সেই শেখ রেহানাকে দেয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড। আর বোন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছরের কারাদণ্ড হয়েছে।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম গতকাল এ মামলার রায় ঘোষণা করেন। পলাতক দেখিয়ে এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিচার হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

কারাদণ্ডের পাশাপাশি টিউলিপকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার অন্য ১৪ আসামিকে দেয়া হয়েছে পাঁচ বছর করে কারাদণ্ড। সেই সঙ্গে তাদের ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্কাই নিউজের সাংবাদিকরা আদালত চত্বরে ছিলেন। যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যানও ছিলেন সেখানে।

তবে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় আদালত যে রায় দিয়েছেন, সেটাকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রায় ঘোষণার পর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল...। আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড ও হাইগেটের আমার ভোটারদের ওপর এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই।’

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার অন্য ১৪ আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন; রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক চার সদস্য—মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন ও মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী; রাজউকের সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ; সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ১৭ আসামির মধ্যে কেবল খুরশীদ আলম কারাগারে আছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর চলতি বছরের ১২ জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করা হয় সংস্থাটির পক্ষ থেকে। পরদিন শেখ রেহানা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে করা তিন মামলায় বোন শেখ হাসিনা, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়েছে।

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি আরো একটি মামলা করে দুদক। শেখ হাসিনার পরিবারের সদস্য ছাড়াও আরো ১৬ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে এ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্লট দুর্নীতির অভিযোগে করা ছয় মামলাতেই আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রতিটি মামলারই বিবরণ প্রায় একরকম।

এদিকে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। আসে টিউলিপ সিদ্দিকের নামও। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকে গত ১৪ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।