রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তি স্থাপন করা হয়েছে। গতকাল সকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে নবনির্মিত হাসপাতালের ভিত্তি স্থাপন করেন।
এ সময় দীপংকর তালুকদার বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি করছে সরকার। এতে এ এলাকার মানুষ নিজ জেলায় আরো ভালো স্বাস্থ্য সেবা পাবে।
উদ্বোধনকালে প্রধান অতিথি ছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়না পাংখোয়া, মেডিকেল কলেজের সহকারী পরিচালক নিহার রঞ্জন নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।










