বিএনপি সবকিছুতেই ‘না’ করে। তারা না রোগে আক্রান্ত। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সকালে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এ মন্তব্য করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের আয়োজন করেছেন। সেই সংলাপে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি যায়নি। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা না বলেছে।

মন্ত্রী বলেন, সংলাপে বেশির ভাগ রাজনৈতিক দল বলেছে, নির্বাচন কমিশন গঠন করার জন্য একটা আইন করা হোক। বিএনপির নেতারাও বিভিন্ন সভা-সমিতিতে এ আইন করার দাবি জানিয়েছেন। যেই আইন করার উদ্যোগ নেয়া হলো, তখন তারা আবার উল্টো সুরে কথা বলা শুরু করল।

দুদিনের সফরে সিলেট এসেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সকালে হযরত শাহ পরানের (রহ:) মাজারও জিয়ারত করেন তিনি। দুপুরে শাহজালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ শেষ করে মাজার পরিদর্শন করেন তিনি। পরে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।