বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের কভিড ওয়ার্ড ও আইসিইউ ইউনিটে গত ৩০ মে রোববার পর্যন্ত ২ হাজার ২২৩ জন করোনা রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
টিএমএসএসের কভিড-১৯ ব্যবস্থাপনার ৫১৬ দিন পূর্তি এবং টিএমসি ও আরসিএইচের কভিড-১৯ ইউনিটের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল ঠেঙ্গামারা বগুড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
টিএমএসএস মেডিকেল কলেজের শহীদ অধ্যাপক ডা. একেএম মাসুদুর রহমান লেকচার গ্যালারিতে লিখিত বক্তব্যে গ্র্যান্ড হেলথ সেক্টরের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল বলেন, ৩০ মে পর্যন্ত এ হাসপাতালের কভিড ওয়ার্ড ও আইসিইউ ইউনিটে ২ হাজার ২২৩ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২৫ জন। সুস্থতার হার শতকরা ৯৫ দশমিক ৫৫ ভাগ। এ সময়ে চিকিৎসাধীন ৯৮ জন রোগী মৃত্যুবরণ করেছেন। আইসিইউ সাপোর্টে চিকিৎসা দেয়া হয়েছে ৭৬ জন রোগীকে। রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দুজন চিকিৎসক ও তিনজন কভিড টেকনোলজিস্ট কভিডে আক্রান্ত হয়েছেন। মারা যান ডা. একেএম মাসুদুর রহমান। ২০২০ সালের ৩১ মে পিসিআর ল্যাবে কার্যক্রম শুরু হয়ে ৩১ মে ২০২১ পর্যন্ত ২১ হাজার ৭৭৯ জনের কভিড-১৯ পরীক্ষা করে ৪ হাজার ৫২৫ জন পজিটিভ হয়েছেন।
টিএমএসএস করোনাকালীন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম, অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দিতে মানবতা স্টোর পরিচালনা করে দেশব্যাপী মাস্ক, লিফলেট বিতরণ ও সভা-সেমিনারের আয়োজন করে।










