চলমান ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে আজ সবার চোখ থাকবে ধর্মশালায়। নৈসর্গিক এ ভেন্যুতে বাজছে ক্রিকেট যুদ্ধের দামামা। এই মাঠে বসছে ক্রিকেটের অন্যতম সেরা ট্রান্স-তাসমান লড়াই। বিশ্বকাপ টেবিলে নিউজিল্যান্ড তিনে ও অস্ট্রেলিয়া চারে। আজ ম্যাচ শেষে টেবিলে হতে পারে অদল-বদল কিংবা দুই দলের মধ্যে ব্যবধান আরো বাড়তে পারে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে উত্তাপের এ লড়াই। 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এবার ছিল দু রকম সূচনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা শুরুর দুই ম্যাচেই টানা হেরে বসে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে। এরপর ধীরে ধীরে ফিরেছে তারা। শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে টানা তিন ম্যাচে হারিয়েছে প্যাট কামিন্সের দল। এই তিন জয়ে তারা দুঃসময় কাটিয়ে সেমিফাইনালের রেসেও ফিরে এসেছে।

অন্যদিকে নিউজিল্যান্ডের সূচনা হয় গতবারের চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিয়ে। এরপর নেদারল্যান্ডস, বাংলাদেশ ও আফগানিস্তানকেও হারিয়েছে কিউইরা। পরিশেষে তাদের হারের স্বাদ দেয় স্বাগতিক ভারত। ধর্মশালায় বিরাট কোহলির ধ্রুপদি ব্যাটিংয়ে ভর করে সফলভাবে ২৭৪ রান তাড়া করে জয় তুলে নেয় ভারত। পাঁচ ম্যাচে এটাই তাদের প্রথম হার। 

এর পরও সেমিফাইনালের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। আজ ট্রান্স-তাসমান লড়াইয়ে অজিদের হারিয়ে তারা শেষ চারের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলতে পারে। যদিও ক্রিকেট বিশ্লেষকদের চোখে এ লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারানো কঠিনই হবে। অস্ট্রেলিয়া যে ফিরেছে চেনা ছন্দে। উজ্জীবিত এই দলটি নড়বড়ে শুরুর পর এখন বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠছে এবং আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলে আর কেউই সে বিষয়ে দ্বিমত পোষণও করবেন না।