দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) বাধ্যতামূলক করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ ডিসেম্বর) থেকে বাধ্যতামূলক স্বয়ংক্রিয় বন্ডের কার্যক্রম শুরু হলো।

বর্তমানে এনবিআরের অধীনে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এ সফটয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে।

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রফতানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) গ্রহণ করে থাকে। সিবিএমএসের ইউপি মডিউল চালু হলেও এখনো বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি নিচ্ছে।

সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১১ মাসেও এর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি বলে জানায় এনবিআর। সিবিএএস সিস্টেমটি ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে আরো ব্যবহারবান্ধব করা হয়েছে। বন্ডেড প্রতিষ্ঠানসমূহকে ইউপি ইস্যু সংক্রান্ত কোন সেবা সিবিএমএস সফটওয়্যারের মাধ্যম ব্যতীত অন্যকোনো মাধ্যমে দেয়া হবে না মর্মে জাতীয় রাজস্ব বোর্ড একটি পরিপত্র জারি করেছে।

সিবিএমএস বাধ্যতামূলক হওয়ায় এনবিআরের সেবা প্রদান দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরো সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে, কাঁচামালের ইন-পুট ও আউট-পুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাবরক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে, বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেয়ার জটিলতা দূর হবে এবং বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।