১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে ১ ডিসেম্বর এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এদিকে, গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। এ বিষয়ে ব্যারিস্টার অনিক আর হক বলেন, সেটি এ বছরের জন্য নির্বাহী সিদ্ধান্ত ছিল। আর আদালতে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা রায়কেন্দ্রিক বিচারিক বিষয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তবে ২০০২ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়।