দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আফগানিস্তান টানা দ্বিতীয় ম্যাচে অঘটনের স্বপ্ন নিয়ে গতকাল চেন্নাই এমএ চিদম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়। কিউইদের খানিকটা ভয়ও পাইয়ে দিয়েছিল আফগান বোলিং ব্রিগেড। যদিও তেমন কিছুই কাল ঘটেনি। উল্টো তারাই বিধ্বস্ত হয়েছে। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৮ রান তুলে নেয় কিউইরা। রান তাড়া করতে নেমে ৩৪.৪ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানরা।
গতকালের এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।
টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস দলকে ২৮৮ রানের পুঁজি এনে দেয়ার পর কিউইদের দাপটে জেতান বোলাররা। লোকি ফার্গুসন (৩/১৯), ট্রেন্ট বোল্ট (২/১৮), ম্যাট হেনরির (১/১৬) গতি ঝড়ের সঙ্গে ছিল মিচেল স্যান্টনারের (৩/৩৯) ঘূর্ণি জাদু। ৩৪তম ও ৩৫তম ওভারে দুটি করে উইকেট হারায় আফগানরা। তাদের শেষ ৫ উইকেটের পতন হয় ১৪ রানের মধ্যে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নামা কিউইরা ১১০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে। সাজঘরে ফিরে যান ডেভন কনওয়ে (২০), রাচিন রবীন্দ্র (৩২), উইল ইয়ং (৫৪) ও ড্যারিল মিচেল (১)। কিউইরা ৯ বল ও ২ রানের মধ্যে ৩ উইকেট হারায় (১১০/৪)। এরপর ফিলিপস ও অধিনায়ক ল্যাথাম ১৫৩ বলে ১৪৪ রানের দারুণ এক জুটিতে দলের সংগ্রহ আড়াইশ পার করান।
দলকে নিরাপদে পৌঁছে দেয়ার পর একই ওভারে (৪৮তম) সাজঘরে ফেরেন দুজন। তাদের দুজনকেই শিকার করেন পেসার নবীন-উল-হক। দলীয় ২৫৪ রানের সময় ৮০ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৭১ রান করে আউট হয়ে যান ফিলিপস। এক বল বিরতি দিয়ে ল্যাথামকে বোল্ড করেন নবীন-উল-হক। ল্যাথাম ৭৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন। এরপর মার্ক চ্যাপম্যান (১২ বলে ২৫*) ও মিচেল স্যান্টনার (৫ বলে ৭*) নিউজিল্যান্ডের সংগ্রহটা ২৮৮ পর্যন্ত টেনে নেন।
২২ অক্টোবর ভারতের বিপক্ষে ও ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে অপরাজিত দল নিউজিল্যান্ড।
গতকাল জয় শেষে কিউ দলনায়ক ল্যাথাম বলেন, ‘আরেকটি দারুণ পারফরম্যান্স। কিছু সময় আমরা চাপে পড়ে যাই, তবে ইনিংস শেষে সেই চাপ প্রতিপক্ষের ওপর ঠেলে দিয়েছি। এরপর আমরা ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব। ওই ম্যাচগুলোতে আমরা ছন্দ ধরে রাখতে চাই।’
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮৮/৬ (ফিলিপস ৭১, ল্যাথাম ৬৮, ইয়ং ৫৪; নবীন ২/৪৮, ওমরজাই ২/৫৬)। আফগানিস্তান: ৩৪.৪ ওভারে ১৩৯/১০ (রহমত ৩৬, ওমরজাই ২৭; ফার্গুসন ৩/১৯, স্যান্টনার ৩/৩৯, বোল্ট ২/১৮)। ফল: নিউজিল্যান্ড ১৪৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)।










