করোনা সংক্রমণ রোধে ফের দুই সপ্তাহের জন্য সাজেকসহ পার্বত্য জেলা রাঙ্গামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো বেশকিছু নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গতকাল বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কভিড সংক্রমণে করণীয় নির্ধারণে’ শীর্ষক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ সময়সীমা পরিস্থিতি বিবেচনায় বাড়নো হতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

একই সঙ্গে প্রতিদিন রাত ৮টায় জেলার সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, রেস্টুরেন্টে অর্ধেক টেবিল-চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান ও আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।