ভারি বর্ষণের ফলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুটি স্থানে আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
এতে গতকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
তবে সওজ রাস্তাটি চলাচলের উপযোগী করায় ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা নামক সড়কটির পাঁচ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ।
এখানে বিভিন্ন সময়ে পাহাড় ধসের ঘটনা ঘটছে।
গত রোববার দিবাগত রাতেও টানা বর্ষণের কারণে এ সড়কের দুইটিলা ও এগারোকিলো এলাকায় দুটি স্থানে পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়ে থাকে।
এতে সকাল থেকেই এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এর আগে ৪ সেপ্টেম্বর রাতে একই সড়কের অজলচুগ বনবিহার, এগারোকিলো ও চারকিলো এলাকার চারটি স্থানে পাহাড় ধসে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।










