বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই ব্যক্তি হলেন- শাজাহানপুর বড়পাথার এলাকার খামারী হেফজুল ইসলাম (৫০) এবং শিবগঞ্জের উপজেলার মহাস্থান এলাকার ব্যবসায়ী আলহাজ্ব সাখাওয়াত হোসেন (৭৫)। 

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হেফজুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং বেলা সোয়া ২টার দিকে সাখাওয়াত হোসেন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. খায়রুল বাশার মমিন জানান, ২৪ জুলাই করোনা পজিটিভ শনাক্ত হোন হেফজুল ইসলাম। শ্বাসকষ্ট ও জ্বর বেড়ে যাওয়ায় শুক্রবার (৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। আজ সকালে তিনি মারা যান।

ডা. মমিন বলেন, হেফজুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

অপরদিকে, টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, ৪ আগস্ট দুপুরে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হোন সাখাওয়াত হোসেন। নমুনা পরীক্ষার ফলাফলে ওই দিনই তিনি করোনা পজিটিভ শনাক্ত হোন। আজ দুপুরে তিনি মারা যান।