জুলাই সনদ অনুযায়ী জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার কথা থাকলেও বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলাম কোনো নাম প্রস্তাব না করায় সরকারি দলের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন ভোলা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে হ্যাঁ ও না ভোট দেয়ার ক্ষেত্রে জামায়াতে ও ১১ দলের সংসদ সদস্যরা নিরব থাকেন। তবে নির্বাচিত হওয়ার পর টেবিল চাপড়িয়ে সমর্থন দেন।
এর আগে বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার মনোনয়ন করতে প্রস্তাব দেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারি দল। প্রস্তাবকে স্বাগত জানালেও জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নেবে না বলে সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী-এনসিপি জোট।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন বুধবার জাতীয় সংসদে জামায়াত জোটের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। গতকাল সংসদের নবম তলায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়।










