ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ফেজ-২ এর আওতায় ‘মহারশি ফ্ল্যাগশিপ উপ-প্রকল্প’ উদ্বোধন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। শনিবার (২৯ নভেম্বর) শেরপুরের ঝিনাইগাতীতে এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির যাত্রা শুরু হয়। সেচব্যবস্থার উন্নয়ন ও কৃষিভিত্তিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগটি নেয়া হয়েছে।
মহারশি ফ্ল্যাগশিপ উপ-প্রকল্পটি বর্তমানে প্রবহমান মহারশি নদীর পানি ব্যবহার করে মোট ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা দিচ্ছে। এর মধ্যে ১ হাজার হেক্টর জমি সরাসরি এ উপ-প্রকল্প থেকে সেচ সুবিধা পাচ্ছে। মোট ২ হাজার ৪০৫ পরিবারের মধ্যে বর্তমানে ১ হাজার ৪২০ পরিবার এ সুবিধার আওতায় এসেছে। প্রকল্পটির ইকোনমিক ইন্টারনাল রেট অব রিটার্ন বা অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার ১২ দশমিক ৯ শতাংশ, যা এর অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দেয়।
সারা বছর সেচ সুবিধা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দক্ষ পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি, একটি পূর্ণাঙ্গ কৃষিভিত্তিক ব্যবসা কেন্দ্র (এগ্রি-বিজনেস সেন্টার) স্থাপনের মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ আরো সহজ করাও এর উদ্দেশ্য। উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)-এর সক্ষমতা বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদে প্রকল্প অবকাঠামোর টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে বলেন, গত ৫২ বছর ধরে জাইকা বাংলাদেশের পাশে আছে। এই উপ-প্রকল্প শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনধারা পরিবর্তনের এক প্রতিশ্রুতি। প্রথম সফল ফ্ল্যাগশিপ উপ-প্রকল্প হিসেবে এটি সমন্বিত গ্রামীণ উন্নয়নে নতুন মানদণ্ড সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী জাভেদ করিম, প্রকল্প পরিচালক সানিউল হক, জাইকার সিনিয়র প্রতিনিধি শোজি ইজুমি, নিপ্পন কোই পরামর্শক দলের টিম লিডার ইয়োজিরো সেকিগুচি, সংশ্লিষ্ট প্রকৌশলীরা ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা।










