বরিশালে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রাতে বরিশালের চরবাড়িয়ার লামছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামে ইউনুস গাজীর বাড়িতে আগুন লাগে। ইউনুস গাজী ও তার স্বজনরা, ওই ঘরে তিন নাতি-নাতনি নিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। আগুন দেখে তারা চিত্কার শুরু করেন এবং অন্যদের নিয়ে ঘরের বাইরে চলে যান। তবে তাড়াহুড়ার কারণে ঘরের ভেতরেই থেকে যায় আট বছরের নাতি রেজাউল গাজী। রেজাউল স্থানীয় উত্তর লামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
গ্রামবাসীর দীর্ঘ চেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণ হলে ঘর থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে সন্দেহ করছেন এলাকাবাসী।
নানা-নানির কাছে থেকে পড়াশোনা করত নিহত রেজাউল ও তার অন্য দুই ভাইবোন।
খবর পেয়ে গতকাল স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু তাত্ক্ষণিকভাবে ওই পরিবারকে নগদ টাকা প্রদান করেন এবং একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন।
এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ ওই পরিবারকে নগদ টাকা সহায়তা প্রদান করেন।










