শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) শিল্প উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বতীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জানান, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরো ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি রফতানিতে ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের ছাত্র-জনতা যে আশা আকাঙ্ক্ষায় গণঅভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।