বাংলাদেশের আকাশে সোমবার (২ ডিসেম্বর) কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) পবিত্র জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। তাই বুধবার (৪ ডিসেম্বর) থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় মঙ্গলবার জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. ফখরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহূল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মু. মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের সানী খতিব হাফেজ মাওলানা মুফতী আফফান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।