সাচি
ও মিষ্টি—দুই
জাতের পান চাষ হয় রাজবাড়ীর বালিয়াকান্দিতে।
স্থানীয় চাহিদা মিটিয়ে ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, সৌদি আরব, মালয়েশিয়ায় রফতানি হচ্ছে এ অঞ্চলের পান।
কৃষি বিভাগ বলছে, বালিয়াকান্দি উপজেলায় ৮৫ হেক্টর জমিতে
পানের বরজ রয়েছে। ১ হেক্টর জমি
থেকে বছরে প্রায় ১ কোটি টাকার
পান বিক্রি করা যায়। সে হিসাবে প্রতি
বছর পান বিক্রি করে কৃষকের আয় দাঁড়িয়েছে প্রায়
৮৫ কোটি টাকা।
বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি, বেতেঙ্গা, চর আড়কান্দি, ইলিশকোল, সর্প বেতেঙ্গা, খালকুলা ও বহরপুরে পান চাষ বেশি হয়। উপজেলায় ৮১৪টি পানের বরজ রয়েছে। এর মধ্যে ৫১৬টি সাচি পান ও ২৯৮টি মিষ্টি পানের বরজ।
বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি গ্রামের কৃষক মো. আজিজুল শেখ বলেন, ‘৫০ শতক জমিতে পান চাষ করেছি। মাচা তৈরি থেকে শুরু করে সার, বীজ, বেড়াসহ খরচ হয়েছে ৩ লাখ টাকা। প্রথম বছরই ৩ লাখ টাকার পান বিক্রি করতে পেরেছি। পানের গাছ ৮-১০ বছর আর রোপণ করতে হবে না। এখন শুধু যত্ন নিব আর বিক্রি করব।’
পানচাষী স্বপন কুমার দে বলেন, ‘পান গাছ একবার রোপণ করলে এক নাগাড়ে ১০ বছর পান বিক্রি করা যায়। প্রতি সপ্তাহে দুবার বরজ থেকে পান সংগ্রহ করতে পারেন কৃষক। পান চাষে এক পাখি জমিতে খরচ হয় কমপক্ষে ১ লাখ টাকা। প্রথম বছরই বিক্রি করা যায় অন্তত ২ লাখ টাকা। প্রতি বছর পানের মাচা মেরামত করতে হলেও গাছ রোপণ করতে হয় ১০ বছর পরপর।’
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বালিয়াকান্দি উপজেলার মাটি সবজি চাষের উপযোগী। অন্যান্য ফসলের পাশাপাশি ৮৫ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। উপজেলায় ৮১৪টি পানের বরজ রয়েছে। এর মধ্যে ৫১৬টি সাচি পান ও ২৯৮ মিষ্টি পানের বরজ। এসব পান রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া ও ঢাকায় বিক্রি হওয়ার পর বিদেশেও রফতানি হচ্ছে।’
পান বিক্রি করে উপজেলার কৃষক বছরে প্রায় ৮৫ কোটি টাকা আয় করছেন। পান চাষে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে।’










