রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। ‘অপহূত’ যুবলীগ নেতা পাইওখ্যই মারমা (৩৫) উপজেলার চিত্মরম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীরা তার নিজ বাড়ি চিত্মরমের মৈইদং পাড়া থেকে অপহরণ করে বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের। পাইওখ্যই মারমা চিত্মরম ইউনিয়নের মৈইদং পাড়া চম্বুক মারমার ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছে। যুবলীগ নেতাকে কে বা কারা কেন অপহরণ করেছে সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।’

এদিকে যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে চিত্মরম এলাকায় শুক্রবার সকালে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চিত্মরম বাজার থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘুরে ফের বাজারে এসে শেষ হয়। কর্মসূচি থেকে অপহূত যুবলীগ নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধারের আল্টিমেটাম দেয়া হয়।