রাঙ্গামাটির বিলাইছড়ির উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে দেশে তৈরি বন্দুকসহ ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ রোববার (১৭ জানুয়ারি) বিকালে দুর্গম ফারুয়ার নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাতে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে, আটকরা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাওয়াপাড়া এলাকার চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫) বিষ্ণমনি ত্রিপুরা (৪৪) ও জীবন ত্রিপুরা (২৬)। রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার লক্ষণ ত্রিপুরা (৩০) ও বীর বাহাদুর ত্রিপুরা (২৬)। এসময় আটককৃতদের কাছ থেকে ছয়টি দেশীয় তৈরি বন্দুক, ছুরি, বারুদ, কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়। এ ব্যাপারে পৃথক পৃথক আইনে দুইটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফি উল্লাহ জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিলাইছড়ির ফারুয়া থেকে ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশে তৈরি বন্দুক, ছুরি, কার্তুজের খোসামহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।  আগামীকাল আদালতে তোলা হবে। তারা কোনো আঞ্চলিক সংগঠনের সদস্য কিনা তা তদন্তের পর বলা যাবে।