রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা রোগী ভর্তি নেয়ার মতো শয্যা প্রায় শেষের পথে। ২৩২ শয্যার মধ্যে ২২৫টিতেই রোগী ভর্তি। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৬টি শয্যার সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে। গত কয়েক দিনের সংক্রমণ বৃদ্ধিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩২ জন রোগী। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, রাজশাহীর ১৩ জন, নওগাঁর তিনজন ও নাটোরের একজন রয়েছেন। এ নিয়ে গতকাল সকাল ১০টা পর্যন্ত ভর্তি দাঁড়িয়েছে ২২৫ জনে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যা ২৩২টি। এর মধ্যে ২২৫ জন রোগী ভর্তি আছে। বাকি শয্যা ফুরানো সময়ের ব্যাপার মাত্র।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, যাদের অক্সিজেন স্যাচুরেশন কম, অবস্থা খারাপ, তাদেরই হাসপাতালে ভর্তি নেয়া হচ্ছে। এছাড়া উপসর্গ দেখা দেয়ার পর কিংবা এন্টিজেট পরীক্ষায় করোনা শনাক্তের পর নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

উপপরিচালক আরো বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

এ যাবত রামেক হাসপাতালে একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। এর আগে গত ৩০ মে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন রামেক হাসপাতালে।

গত ২৪ মে দুপুর থেকে ৩ জুন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ৪৬ জন। অন্যরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ইউনিটে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। নয়জনই করোনার নয়া হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ছয়জন এবং নওগাঁর একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে মারা গেছেন পাঁচজন। এছাড়া ২৫ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন করে মারা গেছেন। এছাড়া ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩০ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছে ৩২ জন। এর মধ্যে ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের, ১৩ জন রাজশাহীর, তিনজন পাবনার ও নাটোরের একজন। এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছে ২২৫ জন। আইসিইউতে রয়েছে ১৬ জন।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহী জেলায় সর্বোচ্চ ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া নওগাঁয় ২৪ জন, নাটোরে ৩৭, জয়পুরহাটে ৩৬, বগুড়ায় ১৫, সিরাজগঞ্জে ১৪ ও পাবনায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।