ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা কার্যালয় থেকে উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববার বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারত সীমান্তরেখা থেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে থেকে জেলেদের নিজেদের হেফাজতে নেয় বাংলাদেশ কোস্টগার্ড।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. নুরুল ইসলাম, তাছিন, নুরুল ইসলাম, হানিফ, সোহেল, বেল্লাল, আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মিরাজ, সালাউদ্দিন, সালাউদ্দিন, সবুজ, হারুন, জামাল, বসর, মোস্তাফিজ, সোলাইমান, আবু জাহের,
রিপন ও দেলোয়ার। এদের সবার বাড়ি ভোলায়।
জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে ১১ ডিসেম্বর গভীর সাগরে হারিয়ে যান তারা। পরে ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে উদ্ধার করে। পরে দুদেশের কোস্টগার্ডের সমঝোতায় জেলেদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন বলেন, কোস্টগার্ডের
জাহাজ স্বাধীন বাংলা বাংলদেশের সমুদ্রসীমার নিয়ন্ত্রণরেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ সরোজিনি নাইডু থেকে বাংলাদেশের ওই ট্রলারসহ ২০ জেলেকে গ্রহণ করেন। দুপুরেই
এ জেলেদের তাদের মহাজন ও ট্রলারমালিক আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়েছে।










