ওসমানী বিমানবন্দরে পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া বিমানের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ২৫ ঘণ্টা পর আজ সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে বিমানটি ছেড়ে যায়।
এর আগে গতকাল রোববার সকাল ১০টায় বিমানের বিজি-২০১ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর ছাড়ার কথা ছিল। কিন্তু তার আগে পাখির সঙ্গে ধাক্কা লেগে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ফ্লাইট বাতিল হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, বেলা ১১টা ২৪ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে গেছে। এর আগে গতকাল রোববার রাতে বিমানের বিকল্প এয়ারক্রাফট সিলেটে এসেছিল। কিন্তু তখন হিথ্রো বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জায়গা খালি পাওয়া যায়নি। এরপর ফ্লাইটটি বাতিল করা হয়। ইঞ্জিন বিকল হওয়া এয়ারক্রাফটটি মেরামত করে সকালে ঢাকায় পাঠানো হয় বলেও জানান তিনি।
তবে, বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের দাবি, বিমানবন্দরের রানওয়েতে বিমানের সাথে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিমানটি অবতরণের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লাগতে পারে।
কী ঘটেছিল রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল। সকাল থেকে ২৬৫ জন যাত্রী বিমানবন্দরে আসেন। তবে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লেগেছে। ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে থাকে এয়ারক্রাফটটি। রাত ৮টার দিকে ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। কর্তৃপক্ষের গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ করেন যাত্রীরা।
২৫ ঘণ্টা পর ছেড়ে গেল লন্ডনগামী সেই ফ্লাইট
ওসমানী বিমানবন্দরে পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া বিমানের ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ২৫ ঘণ্টা পর আজ সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে বিমানটি ছেড়ে যায়।










