দিনাজপুরের হিলি স্থল বন্দরে আবার কমেছে পেঁয়াজের দাম। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে মসলা পণ্যটির দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা করে কমেছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ কেজিপ্রতি ২৭ টাকা করে বিক্রি হচ্ছে। গতকাল শনিবার এ জাতের পেঁয়াজ বিক্রি হয় ৩২ টাকা করে।

এ ছাড়া বিভিন্ন অঞ্চলে দেশীয় উৎপাদন বাড়ায় বিদেশী পেঁয়াজের দাম কমছে বলে ধারণা করা হচ্ছে। দেশীয় পেঁয়াজের কম দামও ভারতীয় পেঁয়াজের মূল্য কমার কারণ হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সবুজ হোসেন নামে এক ব্যবসায়ী জানান, বাজারে দেশীয় পেঁয়াজের দাম আগের চেয়ে কিছুটা বাড়ার কারণে ভারতীয় পণ্যটির আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা। যে কারণে মসলাপণ্যটির দাম কমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ৩ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। গতকাল শনিবার সেটি বেড়ে আমদানির পরিমাণ বেড়ে ১৯ ট্রাক হয়েছে। যার পরিমাণ ছিলো ৫২৯ টন। আজো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।