কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জে আদালতে শুনানি শেষে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।
এর আগে সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়।
সিংগাইর থানায় হওয়া হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মুহাম্মদ আবদুন নূর মমতাজকে ৪ দিনের রিমান্ড দেন। এছাড়া হরিরামপুর থানায় হওয়া মারামারির মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ তোলা হলে তদন্ত কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। সেখানকার বিচারক আইভি আক্তার তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় গত ২৫ অক্টোবর মমতাজ বেগমকে প্রধান আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা। ওই মামলার শুনানিতে তার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাংচুরের অভিযোগে বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেনের করা আরেকটি মামলার শুনানিতে তাকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে।
ওসি বলেন, আদালত থেকে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় কিছু মানুষ ডিম নিক্ষেপ করেছে। আমি তার পাশেই ছিলাম, ডিম আমার গায়েও লেগেছে।
এর আগে ঢাকার কয়েকটি থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় তাকে।










