বাগেরহাটে সয়াবিন তেল অবৈধভাবে মজুদের দায়ে দুই দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বাগেরহাট শহরের বড় বাজারে দুটি দোকানের গুদামে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক ও রোহান সরকার এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বাজারের পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গুদামে বিভিন্ন বোতল ও ড্রামে চার হাজার লিটার সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পল্টু সাধু স্টোরের মালিক শ্রীধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুজনই জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোজাহেরুল হক জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। বাগেরহাটে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের দুটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আরো এক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।

মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, বাজারে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই। তারা অতিরিক্ত মজুদ করে রেখেছিলেন, দোকানগুলো মূল্য তালিকাও দেখাতে পারেনি। তারা আমাদের কাছে যে মূল্য তালিকা ও রসিদ দেন, তাদের কাছে তার চেয়েও অতিরিক্ত তেলের মজুদ ছিল। অভিযানকালে তারা আদালতের কাছে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাদের দুজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।