রাঙ্গামাটিতে ৪০ কেজির অধিক ডিমওয়ালা মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। জেলা শহরের রিজার্ভবাজার এলাকায় অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়।
বিএফডিসি রাঙ্গামাটি বিপণনকেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৫টায় রিজার্ভবাজার শুঁটকিপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে বিএফডিসির টহল দল। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ডিমওয়ালা মাছগুলো ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি ২০ কেজি ও আরেকটি ১৮ কেজি ওজনের কাতল মাছ এবং চার কেজি ওজনের একটি বোয়াল মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিএফডিসি কার্যালয়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, রাঙ্গামাটি বিপণনকেন্দ্রের সহকারী বিপণন কর্মকর্তা মো. শোয়েব সালেহীন জানান, একশ্রেণীর অসচেতন জেলে কাপ্তাই হ্রদের ডিমওয়ালা মাছ অবৈধভাবে আহরণ করে স্থলপথে পাচারের চেষ্টা করে। আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী চোরাকারবারিদের গতিবিধি দীর্ঘসময় ধরে অনুসরণ করি, তবে টহল টিমের সদস্য সংখ্যা সীমিত হওয়ায় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ডিমওয়ালা কাতল ও বোয়াল মাছ জব্দ করি। বিএফডিসির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রতি বছরই কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ বন্ধ থাকে। এ সময় হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাত এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থাকে। এছাড়া নিষেধাজ্ঞা থাকায় হ্রদ এলাকায় নৌ-পুলিশের সহায়তায় টহল অভিযান চালায় বিএফডিসি।










