এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্ণ কিংবা রুপা জয়ের স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। গতকাল সকালে হাংজুর ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।
টি২০ ফরম্যাটের এ ক্রিকেটে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়ে যায়। পূজা বস্ত্রাকরের করা প্রথম ওভারেই দুই ওপেনার সাথী রানী ও শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। পরে সোবহানা মোস্তারি ও রিতু মনির উইকেটও শিকার করেন ২৩ বছর বয়সী এ মিডিয়াম পেসার। ১৭ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।
লজ্জাজনক ব্যাটিং প্রদর্শনীর এ দিনে বাংলাদেশের হয়ে দুই অংক ছুঁয়েছেন শুধু অধিনায়ক নিগার। তিনি ১৭ বলে ১২ রান করেন। বাংলাদেশের পাঁচজনই আউট হন শূন্য রানে! ভারতের তিতাস সাধু (১/১০), আমানতৎ কাউর (১/১০) ও রাজেশ্বরী গায়কোয়াড় (১/৮) নিখুঁত বোলিং করে বাংলাদেশকে চেপে ধরেন। এরপর দুই উইকেট হারিয়ে ৮.২ ওভারেই ছোট্ট টার্গেট ছুঁয়ে ফেলে ভারত। জেমিমা রদ্রিগেজ ১৫ বলে ২০ ও শেফালি ভার্মা ২১ বলে ১৭ রান করেন। রাবেয়া খান ও মারুফা আক্তার একটি করে উইকেট নেন।
গতকাল একই মাঠে আরেক সেমিফাইনালে পাকিস্তানকে (৭৫/৯) ছয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলংকা (৭৭/৪)। আজ সকাল ৭টায় ব্রোঞ্জ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুপুর ১২টায় স্বর্ণের ম্যাচে ভারতের মুখোমুখি হবে চামারি আতাপাত্তুর দল।










