বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে থাকা ৭ জন পর্যটকদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপর ৫ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে থানচির ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিজিবি সদস্যরা ২ জনকে মৃত এবং অপর ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
আহত ৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান উল্লেখ করা হয়। এছাড়া, নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।










