বরিশালের গৌরনদীর খাঞ্জাপুরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালক ও এক হেলপার নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুরে আজ শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতলা গ্রামের আব্দুল কাদের বয়াতির ছেলে মো. আক্তার (৩০) ও বরিশাল সদরের উত্তর চরজাগুয়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. রাসেল (২২) এবং চালকের সহকারী পিরোজপুরের মঠবাড়িয়ার মো. সুমনের ছেলে সোহান (৩০)। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বরিশালগামী একটি ট্রাক গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় বিকল হয়ে যায়। খবর পেয়ে ওই ট্রাকচালকের ঘনিষ্ঠ বরিশালগামী আরেকটি ট্রাকের চালক সেখানে গাড়ি থামিয়ে বিকল ট্রাকের খোঁজখবর নিচ্ছিলেন। এসময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুই ট্রাকের চালক এবং একটি ট্রাকের চালকের সহকারী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনাকবলিত ৩টি যান আটক করা হয়েছে। তবে ঘাতক কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার যাবতীয় বিষয় দেখভাল করে হাইওয়ে পুলিশ। তাদের মামলা তদন্ত করে থানা পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে।