ভারি বর্ষণে ফলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে গতকাল ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তবে সওজ রাস্তাটি চলাচলের উপযোগী করায় ১১টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা সড়কটির পাঁচ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ রয়েছে। শুক্রবার রাতে টানা বর্ষণের কারণে এ সড়কের অজলচুগ, বনবিহার, এগারোকিলো ও চারকিলো নামক এলাকায় পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়ে থাকে। এতে সকাল থেকেই খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

সওজ খাগড়াছড়ির উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বণিক বার্তাকে বেলন, সড়কে ওপর পাহাড়ধসের ঘটনা শুনে আমরা জনবল নিয়ে সেখানে যাই। সকাল থেকে চেষ্টা চালিয়ে ১১টার দিকে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়। পুরো সড়কের চার-পাঁচ কিলোমিটার এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। এর আগেও এ সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের ওপর মাটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ ছিল।