বগুড়ার গাবতলী উপজেলার ডিহিডওর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল দুুপুরে গ্রামের আব্দুল মজিদের নয় বছরের ছেলে সোহান ও একই গ্রামের রন্টু মিয়ার আট বছরের ছেলে সৌরভ গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সোহান ও সৌরভ দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়।
ঘণ্টা দেড়েক পার হলেও তারা বাড়ি ফিরে আসেনি।
এক পর্যায়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
সন্দেহ হলে বেলা আড়াইটার দিকে স্থানীয়রা ওই পুকুরে নেমে তল্লাশি শুরু করেন।
ওই সময় দুজনের মরদেহ পাওয়া যায়।
বগুড়ার গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










