বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, কেউ কেউ রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করবেন না। যারা এমনটি, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, যাদের বলার কথা নয়, তারাও কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো। এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নেই। যাদের যে কথা বলার এখতিয়ার নেই, তারা অসাংবিধানিক, বেআইনি কাজ করছে। শেখ হাসিনা যেমন সংবিধান, আইন মানতেন না, এখনো কিছু রাজনৈতিক দল সে পথেই হাঁটছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশকে হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্রও ফিরিয়ে আনতে হবে, বাঁচিয়ে আনতে হবে।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত মাঠে থাকতে হবে। ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনা তুলে ধরে আমীর খসরু বলেন, ক্ষমতায় এলে বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশা প্রকাশ করে আমীর খসরু বলেন, বাংলাদেশ ভবিষ্যতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।










