মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। মঞ্চে তার জন্য চেয়ার না থাকায় তিনি এ অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরে শহীদ জননেতা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য আফতাব হোসেন ঝুলফু মঞ্চে উপস্থিত হন। মঞ্চে তার জন্য নির্ধারিত আসন না থাকায় তিনি কিছু সময় অপেক্ষা করেন। কিন্তু আয়োজক কমিটি চেয়ারের ব্যবস্থা না করায় এবং কেউ আসন না ছাড়ায় তিনি অনুষ্ঠান বর্জন করে ফিরে যান।

এ বিষয়ে আফতাব হোসেন ঝুলফু বলেন, আমন্ত্রণ পেয়েই উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলাম। প্রতি বছরই এ অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের জন্য আসনের ব্যবস্থা করা হয়। কিন্তু এবার গিয়ে এর ব্যত্যয় দেখতে পেলাম। আসন না পেয়ে ফিরে এসেছি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি বলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতির জন্য একটি আসন নির্ধারিত ছিল। কিন্তু কেউ সেই আসনে সভাপতির স্টিকারটি উঠিয়ে বসেছেন। অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি তাত্ক্ষণিক জানতে পারিনি। জানতে পেরে বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতির সঙ্গে কথা বলেছি।