উন্নত চিকিৎসার জন্য খুব স্বল্প সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বর্তমানে ভাসমান অবস্থায় আছি। ভারতে বসে শেখ হাসিনা যেকোনো একটা ষড়যন্ত্রের সুযোগ নিতে পারেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত তৈরি করতে চেয়েছিলেন। সেটি পারেননি। জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে হবে। মসজিদ-মন্দিরসহ সংখ্যালঘুদের ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপত্তা দেবেন। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি। নব্য ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপর যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। যেকোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন। এরই মধ্যে চক্রান্ত শুরু করেছে, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।’










