বাংলাদেশ বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় নিরাপত্তা ও পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে, যা আমাদের অর্থনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পরিবর্তনটি প্রচুর সুযোগ তৈরি করবে,তবে এর জন্য আমাদের ব্যবসায়িক সংগঠন এবং মানবসম্পদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, আমরা যতই এগিয়ে যাব, বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় জড়িত হবে। এছাড়াও ইইউ, এসএএসইসি এবং আসিয়ানের মতো আঞ্চলিক ব্যবসায়িক গোষ্ঠীগুলির সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর হবে।
কর্মশালার বিষয়ে তিনি জানান, তিন দিনব্যাপী এই কর্মশালা ডব্লিউটিওর নিয়ম ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াবে এবং তাদের বাস্তব কাজে তা প্রয়োগে সহায়ক হবে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তিন দিনের এই কর্মশালায় সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক জর্জ ক্যাস্ট্রো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী বক্তৃতা দেন।










