করোনার হটস্পট নারায়ণগঞ্জের বিভিন্ন ইট ভাটায় কর্মরত ৯৪ শ্রমিক রাঙ্গামাটি ফিরেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর রাঙ্গামাটির লংগদু উপজেলার স্থানীয়দের মধ্যে আতঙ্কের দেখা দিয়েছে। 

আজ সোমবার সকালে লংগদুতে নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকরা প্রবেশের খবর পেয়ে পথরোধ করে পুলিশ। পরে তাদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করে উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ফেরত ৯৪ শ্রমিককে উপজেলার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজনগর সাকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন ইটভাটায় কর্মরত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় বাড়িতে ফিরে এসেছে। তারা গত অক্টোবর থেকে পরিবারসহ নারায়ণগঞ্জের ইটভাটায় শ্রমিক কাজ করেছে। তাদের সবাইকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। আগত শ্রমিকরা উপজেলার মাইনীমূখ, কালাপাকুজ্জ্যা ও গুলাশাখালী ইউনিয়নের বাসিন্দা বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এরই মধ্যে ৬৩ জেলায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশের একমাত্র করোনামুক্ত জেলা হিসেবে রয়েছে রাঙ্গামাটি। তবে হঠাৎ রাঙ্গামাটিতে নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকদের আগমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।