চীনের হাংজুতে ২৩ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এশিয়ান গেমসের। যদিও ফুটবল ইভেন্ট দিয়ে গতকাল শুরু হয়ে গেল এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়াড। এ গেমসে মিয়ানমারের কাছে হার দিয়ে যাত্রা করল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। আত্মঘাতী গোলে হেরেছে বাংলাদেশ।

হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ দলের চেয়ে বাড়তি একজন খেলোয়াড়ের সুযোগটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্তত একটি পয়েন্ট আদায়ের সুযোগও হাতছাড়া করেছে তারা।

ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেললেও লাল-সবুজ জার্সিধারীরা গোল আদায় করে নিতে পারেনি। অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায় ফয়সাল আহমেদ ফাহিমের শট। মিয়ানমারের গোলরক্ষক বারবার হতাশ করেন বাংলাদেশ দলকে। এছাড়া গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করেন ফাহিম, রবিউল ও সুমন রেজা।

৬১ মিনিটে রবিউলের ফ্রি-কিক প্রতিহত করেন মিয়ানমারের গোলরক্ষক। বিপরীতে ৬৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রতিপক্ষের খুন খাইয়ো জিন হেইনের ক্রসের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার মুরাদ হাসান।

৭৫ মিনিটে বাংলাদেশের জনিকে ফাউল করায় মিয়ানমারের জুইই খানত মিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বাকি ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু এ সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।