দিনাজপুরের হিলিতে হঠাৎ করেই উধাও হয়ে গেছে পাঁচ লিটারসহ বোতলজাত সয়াবিন তেল। বাজারের কিছু দোকানে দুই এক লিটারের তেলের বোতল পাওয়া গেলেও কোন দোকানেই মিলছেনা পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল। বোতলজাতের চেয়ে খোলা তেলের মুল্য বেশি হওয়ায় অনেক দোকানি বোতলজাত তেল খুলে খোলা তেল হিসেবে বিক্রি করার অভিযোগ উঠেছে। এদিকে তেল না পাওয়ায় ও বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

হিলি বাজারে তেল কিনতে আসা ইফতেহাদ সরকার বলেন, প্রতিমাসে পাঁচ লিটার বোতলজাত তেল ক্রয় করি, সে লক্ষ্যে তেল কিনতে বাজারে এসেছি কিন্তু কোন দোকানেই পাঁচ লিটার তেলের বোতল নেই। তিনি অভিযোগ করে বলেন, বোতলজাত তেলগুলো খুলে ড্রামে রেখে খোলা তেল হিসেবে বাড়তি দামে বিক্রি করছে দোকানিরা। এতে করে লিটার প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে।  

তবে হিলি বাজারের মুদি দোকানিরা জানান, বর্তমানে বোতলজাত তেলের সরবরাহ কম। বর্তমানে খোলা সোয়াবিন তেল কেজিপ্রতি ১৮০ টাকা করে বিক্রি করছেন বলে জানান তারা। যা গত সপ্তাহে ১৭৫ টাকা করে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, তেলের দাম বাড়ায় ব্যবসায়ীদের মধ্যে তেলের মজুদ করার প্রবণতা ছিল। যার কারণে আমরা বাজারগুলোতে নজরদারি অব্যাহত রেখেছি। কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে বা মজুদ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।