আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসির নেতৃত্বে কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানান।
বৈঠকে সিইসি বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। এরই মধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে একটি নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।
প্রস্তুতি চলাকালে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতার জন্য সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান তারা।
এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে ইসি চালকের আসনে আছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।
প্রধান উপদেষ্টা আরো বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেয়ার প্রত্যয়ে সরকার এগিয়ে চলছে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।










