ঢাকার কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে নয় বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাব বলছে, সৈয়দ মোশারফ হোসেন নামের ওই ব্যক্তিকে গতকাল ঢাকার আদাবর থেকে গ্রেফতার করা হয়। শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি ছুড়েছিলেন বলেও জানায় র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারী সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০১৫ সালের ২০ এপ্রিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাংচুর, হত্যা চেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলার আসামি।’

২০১৫ সালের ২০ এপ্রিল কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহর হামলার মুখে পড়ে। লাঠিসোঁটা নিয়ে হামলার পাশাপাশি ব্যাপক ইট ছোড়া হলে তার বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাচ ফেটে যায়। আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ বেশ কয়েকজন সাংবাদিক। সে সময় এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা করে বিএনপি ও আওয়ামী লীগ।

খালেদা জিয়া সিটি নির্বাচনের প্রচারে নামার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান রেখেছিলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই যাবেন, সেখানেই যেন তাকে নাশকতার জন্য প্রশ্ন করা হয়। ওই বক্তব্য খালেদা জিয়ার ওপর ‘হামলায় উসকানি’ ছিল বলে বিএনপি অভিযোগ করে।