দিনাজপুরের হিলিতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সাধারণ জনগণ কাবু হয়ে পড়েছেন। পাশাপাশি বাড়ছে রোগ, হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের।
জানা গেছে, হিলির বিভিন্ন গ্রামে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়াসহ রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বয়স্ক ও শিশু।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিতৎসা কর্মকর্তা ডা. রাকিব হাসান বণিক বার্তাকে বলেন, হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছেন। গত সপ্তাহখানেক ধরে রোগী বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে আসা ৯০ শতাংশ রোগী শীতালীন রোগে আক্রান্ত।










