করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে ব্যক্তিশ্রেণীর করদাতাদের ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এ সুবিধা চালু করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখর জানান, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে সিস্টেমটি করদাতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিগত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণীর করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতাদের এ সাড়া প্রমাণ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। করদাতারা এখন স্বাচ্ছন্দ্যে ও ঘরে বসেই তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

তিনি আরো জানান, জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশ জারীর মাধ্যমে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা করেছে। তবে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়াও, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

তিনি আরো জানান, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুতপূর্বক রিটার্ন জমা প্রদান করে তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ সরকারি ছুটি ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (09643717171) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন।

এনবিআর জানায়, ২০২৬-২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণীর করদাতারা বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫% (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা প্রাপ্ত হবেন। এ সময়ের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না বরং ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। তাই জাতীয় রাজস্ব বোর্ড যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য সম্মানিত করদাতাগণকে বিশেষ অনুরোধ করছে।