যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) আসাদ হলে ছাত্রলীগের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে। 

ছাত্রাবাসের ভুক্তভোগীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে সভাপতি-সম্পাদকের কর্মসূচিতে না যাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করা হয়েছে। এদিকে ছাত্রাবাসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ক্যাম্পাসে ওই দিন বিকালে বিক্ষোভ মিছিল করেছেন কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ছাত্রলীগ। সে কর্মসূচিতে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। তবে মানববন্ধনে আসাদ হল ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিত না দেখে তিনি ছাত্রাবাসে ছাত্রদের ডাকতে যান। সেখানে কাউকে না পেয়ে তিনি ছাত্রাবাসের ২০১, ২০২, ২০৩ ও ২০৫ নম্বর কক্ষ ভাংচুর করেন। 

তবে অভিযোগ মিথ্যা দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। তিনি বলেন, ‘কলেজ ক্যাম্পাসে তো সিসি ক্যামেরা রয়েছে; ওগুলো যাচাই-বাছাই করলেই দেখা যাবে, কে ছাত্রাবাস ভাংচুর করেছে।’