নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুমায়রা আক্তার (৮) নামে এক শিশু শিক্ষার্থীকে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত দুই আসামি হলেন- সেলিম ওরফে উদয় ও শুক্কুর আলী।
আজ সোমবার মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম।
গত ২৯ জুলাই শুক্রবার নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬ জন অজ্ঞাত আসামি করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার আটক করা হয়েছিল হুমায়রার ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা। গত মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল সে। খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়রি করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেয়া অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয় স্থানীয়রো। পরে তারা পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে।










