রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অতনু দে প্রেম বলেন, খবর পেয়ে আমরা ভোর সাড়ে ৬ টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বন্ধুদের মধ্য থেকে একজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করলে অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তায় পড়ে মারা যায়। নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিহতের দুলাভাই শফিকুর রহমান জানান, ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে আমার ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন দিলে আর পাওয়া যায়নি। পরবর্তীতে আমার দূর সম্পর্কের একটা শ্যালীকার মাধ্যমে খবর পাই, আমার শ্যালককে কে বা কারা মেরে ফেলে গেছে। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধারের সময় তার পকেটে সামান্য কিছু টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

তিনি আরো জানান, রাব্বী কুমিল্লা জেলা রমুরাদনগর উপজেলার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলিতে পরিবার নিয়ে থাকতো এবং স্থানীয় মাছের আড়তে কাজ করত। দুই বছর আগে বিয়ে করে রাব্বী। তার আড়াই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।