ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। গত দুদিনে বন্দর দিয়ে ৮৪টি ট্রাকে ২ হাজার ২৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৪ থেকে ৫ টাকা করে। দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষ ও বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারদের মাঝে। তবে ক্রেতা সংকটে পেঁয়াজ বিক্রি না হওয়ায় গুদামে নামিয়ে রাখছেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগে কিছুটা কম হলেও বর্তমানে আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ দুদিন আগে ২১ থেকে ২২ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৬ থেকে ১৭ টাকায় নেমেছে। এছাড়া নাসিক জাতের পেয়াজ আগে ২৪ থেকে ২৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ২১ থেকে ২২ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার লুত্ফর রহমান বলেন, বন্দরে দেশীয় পেঁয়াজের দাম একই রকম থাকায় মোকামে ভারতীয় পেঁয়াজের খুব একটা চাহিদা ছিলনা। তবে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় দাম খানিকটা কমে এসেছে। ঈদ ঘনিয়ে আসায় মোকামে ভারতীয় পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়েছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এসময়ে দেশে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে। সেই সঙ্গে সাপ্তাহিক ও মে দিবসসহ ঈদের টানা ৬ দিনের ছুটি থাকবে সকলকিছু। এ কারণে ১ মে থেকে ৬ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে। এই সময়ে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে যে কয়েকদিন বন্দর খোলা রয়েছে এই সময়ে বাড়তি পেঁয়াজ আমদানি করছেন আমদানিকারকরা। এছাড়া পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ৫ মে। এর পরে আর পেঁয়াজ আমদানি হবেনা। এ কারণে যাদের আইপি রয়েছে তারা এই সময়ের মধ্যে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সররবাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের আমদানি কমতির দিকে ছিল। গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হত। কিন্তু ঈদকে ঘিরে গত বুধবার বন্দর দিয়ে ৪৭টি ট্রাকে ১ হাজার ২৬৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে ৩৭টি ট্রাকে ১ হাজার ৩৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতদুদিনে ৮৪টি ট্রাকে ২ হাজার ২৯৮ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।










