করোনায় মৃত্যুর চূড়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গত ৪৮ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। গত জুনে প্রাণ হারিয়েছেন ১৮৯ জন। করোনা প্রাদুর্ভাবের পর গত বছরের মে থেকে এ বছরের জুন পর্যন্ত হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

এ ১৪ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৬১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৫ হাজার ৯২৭ জন। করোনায় হার মেনেছেন ১ হাজার ৭৮ জন।

রামেক হাসপাতাল পরিচালকের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ঈদুল ফিতরের পর থেকে এ অঞ্চলে ছড়িয়ে পড়ে করোনার ভারতীয় ধরন। এতে দ্রুত বাড়তে থাকে সংক্রমণ। এপ্রিলে ভর্তি ও মৃত্যু দাঁড়ায় দ্বিগুণে। এপ্রিলে হাসপাতালে ভর্তি হন ৬৫৪ জন। এর মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। মে মাসে হাসপাতালে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে ৫৩ জন মারা গেছেন করোনায়।

সর্বশেষ গত জুনে হাসপাতালে মৃত্যু পৌঁছায় চূড়ায়। এ মাসে মারা গেছেন ৪০৫ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ১৮৯ জন। জুনে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৩৯৭ জন। একই মাসে হাসপাতাল ছেড়ে যান ৯৮৫ জন।

গত মাসে হাসপাতালে মৃত্যুর ব্যাপকতা জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, জুনে এ অঞ্চলে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়েছে। তাছাড়া আক্রান্তদের শতকরা ৮০ শতাংশ গ্রামের বাসিন্দা। যারা সংক্রমিত হয়েও অসেচতনভাবে চলাফেরা করছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে আসছেন অধিকাংশ রোগী। ফলে গত মাসে মৃতের সংখ্যাটাও অনেক বেশি।