নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘৩০ লাখ শহীদ রক্তের বিনিময়ে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তাদের রক্তের দিকে তাকিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। যেভাবেই হোক রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। বিচার বিভাগকে গতিশীল করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সহজেই মামলা নিষ্পত্তি হয় সেই চেষ্টা করুন।’

গতকাল সকালে যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামলাজট প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘যশোর আদালতে ২০ বছরের বেশি সময় পার হয়ে গেছে এমন মামলা বিচারাধীন। গত ২০ বছরে এসব বিচারপ্রার্থীকে আমরা বিচার দিতে পারিনি। আমি মনে করি, বিচারক ও আইনজীবী দুজনই এজন্য দায়ী। বিচারপ্রার্থীদের আদালতের বারান্দা থেকে যদি একদিন আগেও কষ্ট থেকে মুক্তি দিতে পারি, তবে তারা স্বস্তি পাবেন।’

মতবিনিময় সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে যশোর আইনজীবী সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও পাবলিক প্রসিকিউটরদের পক্ষ থেকে রুপার খেজুর গাছ উপহার দেয়া হয়।

এর আগে সকালে জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর তিনি আদালত চত্বরে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, স্পেশাল জেলা জজ মো. সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম কবীর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিদা জাহাঙ্গীর, জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ।